রাকসু ভবনে হামলাছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে রাবির দুই শিক্ষার্থী গ্রেফতার

ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু ভবনে হামলার ঘটনায় ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিক্ষার্থী ও রাকসু নেতাদের তীব্র প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে এই পদক্ষেপ নেওয়া হয়।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে রাকসু, হল সংসদ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি ছিল ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সে অনুযায়ী আনাস ও হাসান নামের দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার অভিযোগে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বৈঠক শেষে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ভিসি স্যার এক ঘণ্টা সময় চেয়েছিলেন এবং সেই সময়ের মধ্যেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। অভিযুক্ত দুজনকে পুলিশ মামলায় গ্রেফতার দেখিয়েছে। তবে আমরা চাই, এই হামলার নেপথ্যে যারা জড়িত, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হোক।”
ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে দ্রুত একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, “খুব দ্রুত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাধ্যমে তথ্য যাচাই করে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।”
এর আগে রাকসু ভবনে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের আশ্বাসের পর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।
জেএস

রাজশাহী প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











