তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
‘নিজেকে ছোট না ভেবে নিজের ওপর আস্থা রাখো এবং নিজেদের যোগ্য করে গড়ে তোলো, তাহলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে’—নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জমকালো জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আত্মবিশ্বাসের সঙ্গেই ভবিষ্যতের নেতৃত্ব আসবেখেলোয়াড় ও গ্যালারিতে উপস্থিত হাজার হাজার খুদে শিক্ষার্থীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারো, তাহলেই আমরা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—আজ যারা গ্যালারিতে বসে আছ, তোমাদের মধ্য থেকেই এই দেশের ভালো ডাক্তার, স্থপতি, প্রকৌশলী, ক্রিকেটার, সাঁতারু ও টেনিস খেলোয়াড় তৈরি হবে।”
তিনি আরও যোগ করেন, পড়াশোনার সময় যেমন মন দিয়ে পড়তে হবে, তেমনি খেলার সময়েও মনোযোগ দিতে হবে সমানভাবে।
মিডিয়ার প্রতি বিশেষ অনুরোধগণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মিডিয়ার ভাইয়েরা—সে ইলেকট্রনিক বা প্রিন্ট যাই হোক না কেন—সব সময় বিভিন্ন রাজনৈতিক বা অন্যান্য বিষয়কে লিড নিউজ করা হয়। কিন্তু আজ আপনারা যে ইভেন্টটি দেখলেন, এটিই হলো বাংলাদেশের ভবিষ্যৎ।”
এ সময় তিনি আগামীকালের সংবাদপত্র ও সংবাদমাধ্যমে শিশুদের এই ক্রীড়া প্রতিযোগিতার সংবাদকে ‘লিড নিউজ’ হিসেবে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান।

পরিবেশ রক্ষায় খুদেদের সম্পৃক্ততাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই দেশটা আমাদের সবার। রাস্তাঘাটে, বাসার আশপাশে বা জলাশয়ে কেউ প্লাস্টিকের বোতল বা ময়লা ফেললে তোমরা তাকে বারণ করবে এবং প্রয়োজন হলে তা নিজেরা তুলে নির্দিষ্ট স্থানে ফেলবে।”
এছাড়া প্রতিবছর বাড়ি বা স্কুলের পাশে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।
সরকারের প্রতিশ্রতি ও প্রতিযোগিতার ফলসরকারের পক্ষ থেকে শিশুদের পড়াশোনা, খেলাধুলা, গান ও চিত্রশিল্পসহ সব ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা তোমাদের পাশে আছি। এই দেশ গড়ার কাজ আমরা শুরু করেছি, কিন্তু একে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মূল দায়িত্ব তোমাদেরই।”
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ বিভিন্ন ধাপে আটটি ডিসিপ্লিনের প্রতিযোগিতায় অংশ নেয়। সমাপনী দিনে ফুটবলের ফাইনালে বালক বিভাগে সিলেট অঞ্চল এবং বালিকা বিভাগে রংপুর অঞ্চল বিজয়ী হয়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিজয়ী ও অংশগ্রহণকারী খুদে খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও চেক তুলে দেন।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










