ঢালিউডে অভিষেক‘গুলশানের চামেলি’ কলকাতার মধুমিতা সরকার

ছবি: সংগৃহীত
রাজনীতি ও এলিট সোসাইটির অন্ধকার জগতের নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এর মাধ্যমে ঢাকাই সিনেমায় (ঢালিউড) অভিষেক হতে চলেছে এই অভিনেত্রীর। আগামী ১ আগস্ট সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে।
গল্প ও চরিত্র নিয়ে যা বললেন মধুমিতা
সম্প্রতি ‘গুলশানের চামেলি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মধুমিতা। গল্প ও চরিত্র সম্পর্কে জানার পরই তিনি কাজটি করার সিদ্ধান্ত নেন। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা বলেন, “গল্পটি অসাধারণ। চরিত্রটিও আমাকে ভীষণ টেনেছে। কলকাতায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এতটা বহুমাত্রিক ও চ্যালেঞ্জিং চরিত্রে আগে কখনো কাজ করার সুযোগ হয়নি। কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।”
এর আগে ২০১৬ সালে ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেছিলেন মধুমিতা, যেখানে তাঁর বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে এবারই প্রথম তিনি কোনো বাংলাদেশি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এদিকে মধুমিতাকে কাস্টিং করার বিষয়ে পরিচালক মো. ইকবাল জানান, এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চান না, তবে খুব শীঘ্রই সবকিছু আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
নির্মাণ ও গল্প ভাবনা
সিনেমার গল্প প্রসঙ্গে এর আগে পরিচালক ইকবাল জানিয়েছিলেন, ছবিটির গল্পে একের পর এক টুইস্ট থাকবে। বিখ্যাত নাট্যকার ও চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু দারুণভাবে গল্পটি লিখেছেন। এখানে সমাজের অভিজাতশ্রেণি ও রাজনীতির আড়ালে থাকা অন্ধকার জগতের গল্প বড় পরিসরে তুলে ধরা হবে। ঈদ বা উৎসবমুখর সময়ে দর্শকরা যেমন ভালো গল্পের সিনেমা খোঁজেন, এই ছবিটি দর্শকের সেই চাহিদা পুরোপুরি মেটাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা।
জেএস

বিনোদন প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।







