শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি: মিয়া গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত
‘শুধু একটা সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি; বরং জুলাই বিপ্লবের চেতনাই হচ্ছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন সমাজব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।’ তবে বর্তমান সরকার পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লব: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “যারা জুলাই বিপ্লবের বেনিফেশিয়ারি, তারাও জুলাই যোদ্ধাদের বঞ্চিত করছে। জুলাই সনদ পুরোটা মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা থাকবে না। পূর্বের মতো যা ইচ্ছা তা-ই করতে চান বলেই বর্তমান সরকার জুলাই সনদকে এড়িয়ে যাচ্ছেন। মৌলিক সাংবিধানিক সংস্কার বাদ দিলে রাষ্ট্রকাঠামোয় ফ্যাসিবাদী চরিত্র কখনো দূর হবে না। এ রকম সংবিধানে যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে, তারা আরেকজন ফ্যাসিবাদের জন্ম দেবে।”
তিনি আরও বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, যাতে প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাবমুক্ত রাখা যায়। জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে ছাত্র-জনতা আবার রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি জানান তিনি।
সেমিনারে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। বিএনপির রাজনৈতিক ইতিহাস স্বার্থ উদ্ধারের পর ছুড়ে ফেলে দেওয়ার ইতিহাস বলে মন্তব্য করে তিনি জুলাইয়ের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
ন্যাশনাল ডক্টরস ফোরামের সহসভাপতি ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জামায়াতের সংসদ সদস্য ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ, হাফেজ মো. রাশেদুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. এমজি ফারুক হোসেন প্রমুখ।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











