জ্ঞান ও মেধাই উন্নয়নের মূল শক্তি: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
প্রাকৃতিক সম্পদের চেয়ে জ্ঞান ও মেধাকেই একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও জ্ঞানচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, পৃথিবীতে যে দেশগুলো জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে রয়েছে, তারাই প্রকৃত অর্থে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত ‘ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, “আজ যারা অ্যাওয়ার্ড পেয়েছ, তোমাদের অর্জনে আমরা গর্বিত। তোমাদের মনে রাখতে হবে, আজকের এই বিশ্ব শুধুই সম্পদের ওপর নির্ভর করে না। শুধু প্রাকৃতিক সম্পদ নয়, উন্নয়নের মূল শক্তি হলো—জ্ঞান ও মেধা। সম্পদ থাকতে পারে, কিন্তু জ্ঞানের অভাবে সেই সম্পদও বোঝা হয়ে যায়।” মানুষই একমাত্র প্রাণী যে বুদ্ধির প্রয়োগে পৃথিবীকে বদলে দিয়েছে উল্লেখ করে তিনি আগামী দিনের বাংলাদেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান জানান।
১০৯ জন শিক্ষার্থীকে ‘ডিন’স মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের ১০৯ জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীকে তাদের অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬’ তুলে দেওয়া হয়।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক এবং সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। সভাপতিত্ব করেন ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬-এর আহ্বায়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জেএস












