রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কেনার লাইনে দেয়াল ধসে নিহত ২, আহত ৬

ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি পুরোনো দেয়াল ধসে পড়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ও চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এই দুর্ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর কলেজসংলগ্ন ওই এলাকায় নিয়মিতই টিসিবির পণ্য বিক্রি করা হয়। কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য প্রতিদিনের মতো সেদিনও দুপুর নাগাদ মানুষের দীর্ঘ লাইন ছিল। হুট করেই কলেজের পুরোনো ও দুর্বল প্রাচীরটি লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন দেয়ালচাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে ধসে পড়া দেয়াল সরিয়ে হতাহতদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়।
উদ্ধারকৃত আটজনকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর নাসিমা বেগম নামের এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক পুরুষের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনার পর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।








