দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকায় একটি দোকানে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জ জেলার এবং অপরজন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তাঁরা সবাই পরস্পরের আত্মীয় বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রিটোরিয়ার বাংলাদেশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের পরিচয়
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছয়জনের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের এবং একজন পার্শ্ববর্তী বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা। এ ছাড়া অপর নিহত ব্যক্তি মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা। একসঙ্গে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ায় নিহতদের নিজ নিজ এলাকাসহ পুরো অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী এই মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, "খবরটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। নিহতরা সবাই একে অপরর আত্মীয়। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে।"
ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা বা তালিকা পাওয়া যায়নি। পাশাপাশি নিহতদের পরিবারের পক্ষ থেকেও প্রশাসনের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। একই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
হাই কমিশনের পদক্ষেপ
এদিকে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনার পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে হাই কমিশনার শাহ আহমেদ শফী কুইন্সটাউনের উদ্দেশে রওনা হয়েছেন।
সফরকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নেবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি দক্ষিণ আফ্রিকা পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ঘটনার তদন্তের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে আলোচনা করবেন।
জেএস










