জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ধসে পড়া শপিং মলে বহু হতাহতের আশঙ্কা

ছবি: সংগৃহীত
জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানার পর কাশিমা শহরের একটি বহুতল শপিং মল ধসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধসে পড়া ওই শপিং মলের ভেতরে আটকা পড়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে এই প্রলয়ংকরী ভূমিকম্পটি আঘাত হানে। এর জেরে দেশটির বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সেতু, সড়ক ও ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।
শপিং মলে ধস ও হতাহতের আশঙ্কা
ভূমিকম্পের পরপরই কাশিমা শহরের ওই শপিং মলটির দ্বিতীয় তলা পুরোপুরি ধসে পড়ে। স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার শুরুতে বিকট শব্দ শোনার পর শপিং মল ধসে পড়ার বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ।
জাপানি সংবাদমাধ্যম টিবিএস জানিয়েছে, ধসে পড়া মলের ভেতরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, যদিও সুনির্দিষ্ট কোনো সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া টিভি চ্যানেল ‘আসাহি’ ও ‘ফুজি’ টিভিও একাধিক মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে।
সুনামি সতর্কতা ও প্রধানমন্ত্রীর বক্তব্য
ভূমিকম্পের পর পরই দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হলেও, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেওয়া হয়।
হতাহত ও ক্ষয়ক্ষতি প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী তানাই তাকাচি বলেন, "আমরা আহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করছি। ইতিমধ্যে কিছু মানুষের আহত হওয়ার খবর পেয়েছি। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আগুন লেগেছে এবং ব্রিজ, সড়ক ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।"
ভূমিকম্পের পর উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
জেএস

আন্তর্জাতিক ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










