এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (জামায়াতে ইসলামী) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এমপির ব্যক্তিগত গাড়ির চালক ওবায়দুর রহমান বাদী হয়ে এই মামলা করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর পল্লবী থানায় দায়ের করা এ মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার পর আমিনুর রহমান নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের এসআই রাকিবুল হুদা আসামি আমিনুর রহমানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আগামী ২৪ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বাদী ওবায়দুর রহমানের অভিযোগ, এমপি গাজী নজরুলের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং ভিডিও ফাঁসের সন্দেহে তাকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান আসামিরা।

মামলার প্রধান আসামি গাজী নজরুল ইসলাম ছাড়াও অন্য অভিযুক্তরা হলেন—মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ, রাকিবুল হাসান এবং গ্রেপ্তারকৃত আমিনুর রহমান।

মামলার বিবরণ অনুযায়ী, ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় থেকে সংসদ সদস্য গাজী নজরুলের ব্যক্তিগত গাড়ি চালাতেন। আত্মীয়তার সূত্রে এমপির ওই বাসায় যাতায়াত ছিল। এই সুবাদে এমপির সঙ্গে ওবায়দুরের ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি টের পেয়ে বাদী প্রতিবাদ করলে এবং পরিবারকে জানালে তার প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জেএস