লোহিত সাগরে সৌদির দুটি তেল ট্যাংকারে হুতিদের মিসাইল ও ড্রোন

ছবি: সংগৃহীত
লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠীটির ভাষ্যমতে, ‘এনসেলিয়া’ এবং ‘লায়লা’ নামের ট্যাংকার দুটিতে একই সঙ্গে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে।
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তাদের ঘোষিত সামুদ্রিক নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ অমান্য করে সৌদি বন্দরের দিকে যাওয়ার কারণেই জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলার ফলে জাহাজ দুটিতে আগুন ধরে গেছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (ইউকেএমটিও) জানিয়েছে, সৌদি উপকূলের আল শুখাইক থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজে রহস্যজনক প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে জাহাজে আগুন ধরে গেলেও ক্রুরা তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি সপ্তাহে লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালিতে সৌদি আরবের ওপর নৌ-অবরোধের ঘোষণা দেয় হুতিরা। সতর্কবার্তায় জানানো হয়েছিল, সৌদি বন্দর ব্যবহারকারী বা সৌদির তেল বহনকারী কোনো জাহাজ এই জলপথ অতিক্রম করার চেষ্টা করলেই সেগুলোর ওপর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এই উত্তেজনার জেরে ইতিমধ্যেই আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটার শঙ্কা তৈরি হয়েছে।
জেএস

আন্তর্জাতিক ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











