জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে হাজির করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর ধারাবাহিকতায় তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোসহ জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হবে।
এর আগে গত ২১ জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করে প্রসিকিউশন।
দীর্ঘদিন পলাতক ও গ্রেপ্তার: প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অন্য মামলার সংশ্লিষ্টতা: এদিকে, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গত ২১ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ওই দিন প্রসিকিউশন আরও দুই মাস সময় আবেদন করে। তবে মোজাফফরের সঙ্গে তার যোগসাজশের অভিযোগ থাকায় আদালত সেদিন কোনো নতুন তারিখ দেননি; ফলে সংশ্লিষ্ট বিষয়েও আজ শুনানি হওয়ার কথা রয়েছে।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











