জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) দেশের প্রথম ‘ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস হিসেবে ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনের ধারাবাহিকতায় জাবিই প্রথম সরকারদলীয় ছাত্রসংগঠনের প্রভাবমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে ২০২৪ সালের ১৪ জুলাইয়ের স্মৃতিময় ঘটনার স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, গত বছরের ১৪ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার মধ্য দিয়েই ক্যাম্পাসে প্রতিরোধ আন্দোলনের মূল ভিত্তি রচিত হয়েছিল। সেই ঘটনা আন্দোলনকে অভূতপূর্ব গতি দিয়েছিল। তিনি বলেন, “ইতিহাস প্রমাণ করেছে, ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হলে পাহাড়সম প্রতিপক্ষও পরাজিত হয়ে পালাতে বাধ্য হয়। এখান থেকেই মুক্তির আন্দোলন সারা দেশে নেতৃত্ব দিয়েছে।”
ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে উপাচার্য জানান, বিগত দুই বছরে সব ছাত্রসংগঠনের মধ্যে চমৎকার সহাবস্থান বজায় রয়েছে। তিনি আরও বলেন, “একসময় যেখানে গণরুম সংস্কৃতি ও নির্যাতনের কারণে শিক্ষাজীবন দুর্বিষহ ছিল, আজ সেখানে প্রতিটি শিক্ষার্থীর জন্য বৈধ আবাসিক আসন নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা এখন সম্পূর্ণ নিরাপদ ও মুক্ত পরিবেশে পড়াশোনা করছে।”
জুলাই গণ-অভ্যুত্থানের বড় অর্জন হিসেবে জাকসু নির্বাচনের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, দীর্ঘ ৩৩ বছর পর শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের সিনেটে পাঠাতে পেরেছে। এটি ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের অন্যতম সাফল্য।
অনুষ্ঠানে উপাচার্য জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থান এবং ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিশেষ আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া রাত ১২টায় এক মিনিটের নীরব ‘ব্ল্যাকআউট’ কর্মসূচির মাধ্যমে গত বছরের সেই ভয়াল স্মৃতি স্মরণ করা হবে।
প্রসঙ্গত, ১৪ জুলাইয়ের ঘটনার স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনের চেতনা ও ইতিহাস সংরক্ষণের কাজ শুরু করেছে।
জেএস