শিক্ষার্থীদের কর্মসূচি/সন্তানদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় অভিভাবকরা

ছবি: সংগৃহীত
পরীক্ষা স্থগিতের দাবি এবং পরীক্ষা শেষে শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লংমার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রগুলোতে আজ বুধবার (১৫ জুলাই) বাড়তি সতর্কতা দেখা গেছে। পরীক্ষা চলাকালীন রাজধানীর বিভিন্ন কেন্দ্রের বাইরে সন্তানদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের ব্যাপক উৎকণ্ঠা ও ভিড় লক্ষ্য করা গেছে।
বুধবার (১৫জুলাই) সকাল ১০টা থেকে দেশের ১০টি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বাদে) অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, অন্যদিনের তুলনায় আজ অভিভাবকদের উপস্থিতি ছিল অনেক বেশি। অনেক অভিভাবক সকাল থেকেই কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন।
অভিভাবকদের অনেকের মুখেই ছিল উদ্বেগ। তাদের ভাষ্য, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয় কি না, তা নিয়ে তারা চিন্তিত। অধিকাংশ অভিভাবকই জানিয়েছেন, পরীক্ষা শেষ হওয়ার পর তারা সন্তানদের একা ফিরতে দেবেন না, সরাসরি সঙ্গে করে বাসায় নিয়ে যাবেন।
পরীক্ষা স্থগিতের দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি না কাটা পর্যন্ত পরীক্ষা স্থগিত, ১৩ জুলাইয়ের স্থগিত পরীক্ষার পুনঃপরীক্ষা এবং সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ।
এরই ধারাবাহিকতায়, পরীক্ষা শেষে আজ দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এই কর্মসূচিকে ঘিরেই মূলত অভিভাবকদের মাঝে আতঙ্ক ও নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড তাদের অবস্থানে অনড় রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিভাবক নাসরিন আক্তার বলেন, “গত কয়েক দিনের পরিস্থিতি দেখে ছেলেমেয়েদের একা পাঠিয়ে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না।” আরেক অভিভাবক মো. রফিকুল ইসলাম বলেন, “পরীক্ষা স্বাভাবিকভাবে হোক এটাই চাই, তবে পরীক্ষা পরবর্তী কর্মসূচিকে কেন্দ্র করে সন্তান যেন কোনো ঝুঁকিতে না পড়ে, সেজন্যই এখানে অপেক্ষা করছি।”
সার্বিক পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও বিভিন্ন কেন্দ্রের সামনে সতর্ক অবস্থানে দেখা গেছে।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।









