"শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা চলছে": স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সরকারকে বিব্রত করতে কিছু মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন, বরং নিজেদের পরিচয় গোপন করে তারা ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য ইতিবাচক সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন,বন্যায় ক্ষতিগ্রস্ত ও পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সময়েই এই শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে দুটি সৃজনশীল প্রশ্ন ভুল থাকার প্রসঙ্গে মন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ওই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ক্ষোভের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই সংসদে এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন। তাই এটি নিয়ে নতুন করে আর বলার কিছু নেই।"
শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও আন্দোলনকে সরকার কীভাবে দেখছে—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা বিষয়টিকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। কেবল দুই-একটি জেলা এবং ঢাকার কয়েকটি নির্দিষ্ট স্পটে সীমিত কিছু মানুষকে এ নিয়ে কথা বলতে দেখা গেছে। গণমাধ্যমে আসার কারণেই বিষয়টি বেশি আলোচনায় এসেছে।"
সড়ক অবরোধের ফলে সৃষ্ট জনভোগান্তি এবং আন্দোলনের প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, "অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে জোরপূর্বক দাবি আদায়, পরীক্ষা স্থগিত বা পরীক্ষা ছাড়াই পাসের মতো একটি 'অপসংস্কৃতি' তৈরি হয়েছিল। বর্তমানের কিছু ঘটনা সেই প্রবণতারই ধারাবাহিকতা।"
পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শিক্ষানীতির সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, "অটোপাস, অতিরিক্ত নম্বর প্রদান এবং ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির কারণে দেশের শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে। আমরা শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবো না এবং যেকোনো মূল্যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করে একটি জ্ঞান ও প্রযুক্তিনির্ভর জাতি গড়ে তুলবো।"
আন্দোলনে পুলিশের হামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব নিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, "সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ও ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ 'ডিসইনফরমেশন'। প্রকৃত ঘটনা ও ভিডিও সবার সামনেই রয়েছে।"
সবশেষে আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দম্ভের সাথে বলেন, "পেছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি।"
ইউ

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











