ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছে বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী- হাসনাত আব্দুল্লাহ

সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ ছবি: ডেসটিনি প্রতিনিধি
বর্তমান শিক্ষামন্ত্রীর তীব্র সমালোচনা করে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি যিনি স্ট্যান্ডবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ। তিনি সব জায়গায় গিয়ে বলেন নকল আর হবে না, কিন্তু ২০২৬ সালের শিক্ষার্থীরা দেখিয়ে দিচ্ছে এদেশে আর কোনো স্ট্যান্ডবাজি চলবে না।"
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জেলা এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ ২০২৬ সালের পরীক্ষার্থীদের দুর্দশার কথা তুলে ধরে বলেন, "হাঁটু ও বুক সমান পানিতে ডুবিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। এমনকি পরীক্ষায় দুটি সৃজনশীল প্রশ্ন ভুল দেওয়া হয়েছিল। ভুল প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে শিক্ষার্থীদের যে মানসিক অবস্থা হয়, তা কি আপনারা বোঝেন? এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ তো দূরের কথা, উল্টো শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ ও ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে।"
তিনি হুশিয়ারি দিয়ে বলেন,"শিক্ষামন্ত্রী আজ যাদের ফার্মের মুরগি বলছেন, এই শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হতে পেরেছেন। শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন এবং লন্ডন থেকে এসে আজ কেউ প্রধানমন্ত্রী হয়েছেন। শিক্ষার্থীরা গিনিপিগ নয়, তাদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। আপনাদের সন্তানরা তো বিদেশে পড়াশোনা করে, আর পরের সন্তানকে রাস্তায় নামিয়ে রাজনীতি করবেন—তা এই বাংলায় আর হতে দেওয়া হবে না।"
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, "এখানে বাবা হচ্ছেন এমপি আর ছেলে করেন চাঁদাবাজি, যাকে থানায় গিয়ে মুচলেকা দিতে হয়। সারা দেশে যখন গ্যাসের হাহাকার, তখন সোনারগাঁয়ের শিল্প প্রতিষ্ঠান ও চুনা কারখানাগুলো অবৈধ সংযোগ নিয়ে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নদী ও খালগুলো দখল করা হয়েছে।"
তিনি আরও যোগ করেন, "ব্যবসায়ী, হকার ও রিকশাচালকরা আজ চরম হাহাকারে আছেন। ২০০ টাকা আয় করলে ৫০ টাকা ছাত্রদল ও যুবদলকে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। মানুষের আকাঙ্ক্ষার বাইরে গেলে জনগণই রাস্তায় বিচার করবে।"
স্বরাষ্ট্র মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, "তিনি সংসদে দাঁড়িয়ে দম্ভের সাথে বলেছেন—সংবিধান সংশোধন কমিটি নাকি সংবিধানে নেই। যদি তা-ই হয়, তবে ২০২৬ সালের সংসদ নির্বাচনও কোনো সংবিধানে নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে। ছাত্র-জনতা এই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন বাংলাদেশের পথ তৈরি করেছে, অথচ এখন আপনারা সেই ছাত্র-জনতার বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন। মনে রাখবেন, আপনাদের পায়ের তলায় কিন্তু মাটি নেই।"
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "চট্টগ্রাম থেকে এ বছর ৯০ হাজার কোটি টাকারও বেশি জাতীয় রাজস্ব জমা দেওয়া হয়েছে। অথচ এই দুর্যোগের সময় চট্টগ্রামের বন্যাদুর্গতদের জন্য জনপ্রতি ৩০ টাকারও কম বরাদ্দ দেওয়া হয়েছে! বন্যা শুরু হতেই এক প্রতিমন্ত্রী হজ করতে চলে গেছেন, আর প্রধানমন্ত্রী তখন বরিশাল সফর করছেন। আমরা শুধু হাসিনার পরিবর্তন চাইনি, পুরো হাসিনা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম।"
পথসভার শেষ পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ জাতীয় যুবশক্তির সিনিয়র সহসভাপতি তুহিন মাহমুদকে আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
তুহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জাতীয় যুবশক্তির সভাপতি তরিকুল ইসলামসহ উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইউ

সোনারগাঁ প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











