নগরকান্দায় রথযাত্রা উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

রথযাত্রার শুভ উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ছবি: ডেসটিনি প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা দেবীর ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার শুভ উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। সকল নাগরিকের সমঅধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
রথযাত্রা উদ্বোধনের পর প্রতিমন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর এডিপি বরাদ্দের আওতায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহবুব আলী ও আলীমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি ডা. রনদা প্রসাদ সরকার। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ঐতিহ্যবাহী এ রথযাত্রাকে ঘিরে উপজেলা চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।
ইউ

রাসেল তালুকদার,নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।







