মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক এবং নিজের মামলা নিজেই লড়ুক। তার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।”

ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রম সম্পর্কে চিফ প্রসিকিউটর জানান, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। যাচাই-বাছাই শেষে সেগুলো দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, রোববার ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরই দেশে ফেরার ইচ্ছার কথা জানান। তবে বর্তমানে তিনি আদালতের দৃষ্টিতে পলাতক আসামি।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনা বিশেষ হেলিকপ্টারে ভারত যান। এরপর থেকে তিনি প্রায় দুই বছর ধরে দিল্লিতে অবস্থান করছেন।

জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং বাকি দুটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

জেএএ