আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান, নিহত ২৯

ছবি: সংগৃহীত
আফগানিস্তান সীমান্তে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। রোববার পরিচালিত এই অভিযানে অন্তত ২৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা উল্লাহ তারার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত এই স্থল অভিযান পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পরিচালনা করা হয়। একই সময় সীমান্তের বিভিন্ন এলাকাতেও হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং করাচিতে সাম্প্রতিক সময়ে বেসামরিক মানুষ ও পাকিস্তান রেঞ্জার্সের (সিন্ধ) বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক সন্ত্রাসী হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এর আগে শনিবার গভীর রাতে করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় পাকিস্তান সিন্ধ রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে হামলা হয়। এতে আধাসামরিক বাহিনীর তিন সদস্য নিহত হন। হামলায় অংশ নেওয়া তিন হামলাকারীও নিহত হয়েছেন বলে ডন-কে জানিয়েছেন সিন্ধ পুলিশের কর্মকর্তারা।
সিন্ধ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ আলম ওধো বলেন, হামলাকারীরা একটি গাড়ি নিয়ে সদর দপ্তরের প্রধান ফটকে ধাক্কা দেয়। হামলার শুরুতে বিস্ফোরণ ঘটেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় তল্লাশি ও ক্লিয়ারেন্স অভিযান শুরু করে।
পুলিশ জানায়, বিশেষ নিরাপত্তা ইউনিট, সন্ত্রাসবিরোধী বাহিনী এবং রেঞ্জার্স সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। হামলায় আহত এক রেঞ্জার্স সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছেন পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ।
হামলার পর এলাকায় ব্যাপক গোলাগুলি ও একটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। রেসকিউ ১১২২ সিন্ধ জানায়, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানি তালেবান (টিটিপি)-সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠন জামাত-উল-আহরারের একটি সহযোগী গোষ্ঠী করাচির হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, ওই হামলায় তাদের নয়জন সদস্য অংশ নিয়েছিল।
এজেএ

আন্তর্জাতিক ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






