অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট নিয়ে দায়িত্বশীল সমালোচনা ও গঠনমূলক পরামর্শকে সরকার স্বাগত জানায়। এসব আলোচনা ও মতামত বাজেটকে আরও সমৃদ্ধ ও সুদৃঢ় করতে সহায়ক হবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে দীর্ঘ, প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ায় সংসদের সব সদস্যের প্রতি তিনি কৃতজ্ঞ। সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সেসব চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো মতের ভিন্নতা থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করা।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সংসদের বাইরেও অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, গবেষণা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের দেওয়া মতামত সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।

তিনি বলেন, এমন এক সময়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে, যখন একদিকে আগের সরকারের রেখে যাওয়া দুর্বল অর্থনীতি ও ক্ষতিগ্রস্ত প্রাতিষ্ঠানিক কাঠামোর চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে রয়েছে নতুন বাংলাদেশের প্রত্যাশা।

অর্থমন্ত্রীর ভাষ্য, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট শুধু সরকারের বার্ষিক আর্থিক পরিকল্পনা নয়; এটি অর্থনৈতিক পুনরুদ্ধার, কাঠামোগত সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার একটি রূপরেখা।

এইচএমজে