এআই শিল্প সৃষ্টির বিপরীত, প্রযুক্তিনির্ভরতা নিয়ে ক্ষোভ ম্যাডোনার

ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত পপসম্রাজ্ঞী ম্যাডোনা। ফ্যাশন সাময়িকী ভোগ ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআইয়ের ওপর নির্ভরশীলতা মূলত শিল্প সৃষ্টির বিপরীত।
ম্যাডোনার মতে, বর্তমান সময়ে অনেক শিল্পীর মনোযোগ সৃজনশীল কাজের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ফলোয়ার ও জনপ্রিয়তার সংখ্যার দিকে বেশি ঝুঁকে পড়েছে। তিনি বলেন, একসময় চিত্রশিল্পী, সংগীতশিল্পী ও নৃত্যশিল্পীরা একত্রে কাজ করে একে অপরের কাছ থেকে অনুপ্রেরণা নিতেন। এখন রেকর্ড চুক্তি বা নতুন সুযোগ পাওয়ার ক্ষেত্রে শিল্পীর প্রতিভার চেয়ে তার অনুসারীর সংখ্যাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংখ্যাকেন্দ্রিক এই সংস্কৃতির সমালোচনা করে নিজের ‘Bring Your Love’ গানের একটি লাইনও স্মরণ করেন তিনি। ম্যাডোনা বলেন, ক্যারিয়ারের শুরুতে তিনি কখনো চার্টের অবস্থান বা স্ট্রিমিংয়ের সংখ্যা নিয়ে ভাবেননি। তার ভাষায়, “অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ঝুঁকি নেওয়ার বিপরীত, আর আমার কাছে তা শিল্প সৃষ্টিরও বিপরীত।”
নতুন গান তৈরির অনুপ্রেরণা কীভাবে খুঁজে পান—এমন প্রশ্নের জবাবে ম্যাডোনা জানান, সৃজনশীল কাজের সময় তিনি প্রযুক্তি ও সামাজিক ব্যস্ততা থেকে নিজেকে দূরে রাখেন। সম্প্রতি ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে কঠিন সময় পার করলেও তিনি নির্জনতাকেই সৃজনশীলতার উৎস হিসেবে দেখেন।
তিনি বলেন, “আমি বিরতি নিতে এবং লোকচক্ষুর আড়ালে চলে যেতে পছন্দ করি, কারণ এভাবেই কল্পনাকে উজ্জীবিত করা যায়। এর জন্য স্থিরতা প্রয়োজন। এমন কিছু দিন থাকা দরকার, যখন আপনি শুধু প্রকৃতি, নিজের সন্তান ও ঘোড়াগুলোর সঙ্গে সময় কাটাবেন।”
প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে ম্যাডোনা এবারই প্রথম কথা বললেন না। এর আগে ‘Confessions II – The Film’-এর প্রিমিয়ারেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা করেছিলেন। সে সময় উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেছিলেন, “ফোনগুলো নামিয়ে রেখে একে অপরের সঙ্গে সত্যিকারের সংযুক্ত হন।”
এজেএ

বিনোদন ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






