মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই: ইরান

ছবি: সংগৃহীত
ইরান জানিয়েছে, চলতি সপ্তাহে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বা কারিগরি পর্যায়ের আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে নেই।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, কাতারের মধ্যস্থতায় কিছু বিষয়ে আলোচনা চলমান থাকলেও মার্কিন ‘টেকনিক্যাল টিমের’ সঙ্গে বৈঠক বা ওয়ার্কিং গ্রুপ পর্যায়ের কোনো আলোচনার সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।
ঘারিবাবাদি বলেন, ‘যখন শর্তগুলো পূরণ হবে এবং তারিখ ও স্থান নিয়ে চুক্তি হবে, তখন নির্ধারিত কাঠামোর মধ্যে কারিগরি আলোচনা শুরু হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, যার মধ্যে আল জাজিরাও রয়েছে, জানায় যে আগামী মঙ্গলবার দোহায় মার্কিন-ইরান আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
তবে ইরানি পক্ষের সর্বশেষ বক্তব্যে সেই তথ্য নিশ্চিত করা হয়নি। মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
জেএএ

আন্তর্জাতিক ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






