সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে শিশু-কিশোরদের নিমগাছ নিয়ে একটি ঐতিহাসিক গল্প শোনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। পরে উপস্থিত সোনামণিদের উদ্দেশে তিনি এ গল্প বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের আরাফাতের ময়দানে একসময় কোনো গাছ ছিল না। প্রায় ৫০ বছর আগে সেখানে নিমগাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়।

তিনি জানান, ১৯৭৮ সালের দিকে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হজ ও ওমরাহ পালন করতে গিয়ে আরাফাতের ময়দানের পরিবেশ দেখে সৌদি বাদশাহকে গাছ লাগানোর পরামর্শ দেন, যাতে হজযাত্রীরা গরমে স্বস্তি পান।

তারেক রহমান বলেন, তখন সিদ্ধান্ত হয় বাংলাদেশ থেকে নিমগাছের চারা পাঠানো হবে। পরবর্তীতে প্রায় এক লাখ চারা সৌদি আরবে পাঠানো হয় এবং সেখান থেকে কৃত্রিমভাবে সেই গাছের বিস্তার ঘটে।

তিনি আরও বলেন, বর্তমানে আরাফাতের ময়দানে যে সবুজ নিমগাছ দেখা যায়, তার অনেকগুলোই সেই উদ্যোগের ফল। স্থানীয়ভাবে এগুলোকে অনেকে ‘জিয়া ট্রি’ নামেও চেনে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সারাদেশের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এইচএমজে