‘মেসি’ ছাড়াই ব্রাজিলের বিপক্ষে জাপানের কঠিন লড়াই

ছবি: সংগৃহীত
বিশ্বকাপের শেষ ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। শক্তির বিচারে পিছিয়ে থাকলেও সামুরাই ব্লুরা আত্মবিশ্বাস হারাচ্ছে না, বরং অতীতের সাফল্যকে সামনে রেখে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।
গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছিল জাপান। সেই স্মৃতি এবারও তাদের অনুপ্রেরণা জোগাচ্ছে।
তবে বড় ধাক্কা হিসেবে এসেছে দলের অন্যতম তারকা তাকেফুসা কুবোর ইনজুরি। হাঁটুর মেনিস্কাসে চোট পেয়ে তিনি ব্রাজিলের বিপক্ষে খেলতে পারছেন না। ‘জাপানি মেসি’ নামে পরিচিত এই ফরোয়ার্ড বিশ্বকাপের প্রথম ম্যাচেই চোট পান।
কুবো না থাকলেও জাপানের আক্রমণে ভরসা আয়াসে উয়েদা ও দাইচি কামাদা। গ্রুপ পর্বে দুজনই দুটি করে গোল করেছেন। গত বছরের ব্রাজিলের বিপক্ষে জয়ের ম্যাচে জয়সূচক গোল করেছিলেন উয়েদা।
জাপান কোচ হাজিমে মোরিয়াসু বলেন, ব্রাজিল সবসময়ই শিরোপার অন্যতম দাবিদার। অনেকেই তাদের সামনে আন্ডারডগ হিসেবেই দেখবে, তবে গতবারের মতো এবারও ইতিহাস বদলানোর চেষ্টা থাকবে।
অন্যদিকে ব্রাজিল শিবিরও প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছে। তরুণ ফরোয়ার্ড রায়ান বলেন, জাপান সম্পর্কে বিস্তারিত জানা না থাকলেও দল হিসেবে তারা শক্তিশালী—এটা পরিষ্কার।
কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথেউস কুনিয়ার পারফরম্যান্সে ভর করে দলটি এগিয়েছে।
ব্রাজিল-জাপানের এই ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে।
জেএএ

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






