মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এ উচ্চপর্যায়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। পাশাপাশি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ায় তিনি পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা খাতে পারস্পরিক সুযোগ সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ (পিপল-টু-পিপল কানেক্টিভিটি) আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
উভয় দেশের এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন নতুন ক্ষেত্রে অংশীদারত্ব ও সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
জেএস










