চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বৃহস্পতিবার (২৪ জুলাই) পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দুর্গম পাহাড়ি পথ ও প্রতিকূল পরিবেশ অতিক্রম করে অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫৪) এবং একই এলাকার মো. মহসিন (৩৩)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে ইন্নারপাড়া এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ৬টি কিরিচ, ৫টি রামদা, ১টি দামাদা, ১টি লোহা কাটার এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এরপর একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে ও গোপন স্থানে লুকিয়ে রাখা ২টি একনলা বন্দুক এবং ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে ডিবি পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। জেলার দুর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত, অস্ত্রের উৎস উদ্‌ঘাটন এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইউ