রাজশাহীতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বর্ণাঢ্য র‌্যালি, বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। মেলায় মোট ৫২টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

শনিবার (২৫ জুলাই) রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে নগরীর রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার সংলগ্ন নজরুল ভিলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বর্ণাঢ্য র‌্যালি, বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। মেলায় মোট ৫২টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে রাজশাহীর উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। এ সাফল্য ধরে রাখতে এবং রাজশাহীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করতে সিটি করপোরেশনের পাশাপাশি সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, পুলিশ সুপার নাইমুল হাসান, আরএমপির পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আগামী এক বছরে রাজশাহী সিটি করপোরেশন দুই লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে প্রায় এক লাখ চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা অপরিহার্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও সুন্দর, সবুজ ও স্বাস্থ্যকর নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়া বক্তব্য রাখেন বন সংরক্ষক মো. সুবেদার ইসলাম এবং নার্সারি মালিক সমিতি, রাজশাহী মহানগরের প্রচার সম্পাদক আয়নাল হক। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্কাউট সদস্য, নার্সারি মালিক ও পরিবেশপ্রেমীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান তারা।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা গেট থেকে শুরু হয়ে নজরুল ভিলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক অতিথি ও দর্শনার্থীর উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

ইউ