ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক

ছবি: ডেসটিনি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেল (২৮)কে আটক করেছে পুলিশ।
শুক্রবার ( ২৪ জুলাই) রাতে শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। একই রাতে পৃথক অভিযানে ২০ পিস ইয়াবাসহ হাসিবুর রহমান (৩৫) নামে এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নলছিটি শহরের সবুজবাগ এলাকায় গাঁজা সেবনের সময় পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কারণে কোনো তদবির গ্রহণ করা হয়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।
এদিকে, নলছিটি থানা পুলিশ ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালিজিরা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক আদনান রুবেল নলছিটি উপজেলার সবুজবাগ এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে। অপরদিকে গ্রেপ্তার হাসিবুর রহমান বরিশাল জেলার জাগুয়া এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, “আটক দুজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, “ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ইউ

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










