বাংলাদেশের সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি ও রোবোটিক্স (BEAR) খাতের সক্ষমতা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে আয়োজিত এই সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সামিটে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সামিট আয়োজিত হয়েছে। দেশের উচ্চপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে এই আসরে দেশি-বিদেশি নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

সামিটের মূল আকর্ষণ ও সেশনসমূহ

আয়োজক সূত্রে জানা গেছে, দুদিনব্যাপী এই সামিটে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে মোট ১১টি প্লেনারি সেশন এবং ৭টি কৌশলগত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

এতে আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট প্রযুক্তিবিদ ও গবেষকরা মূল বক্তব্য উপস্থাপন করবেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস। এছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও বিভিন্ন সেশনে অংশ নিচ্ছেন।

‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’

সামিটের মূল আয়োজনের পাশাপাশি একই স্থানে শুরু হয়েছে ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’। এই প্রদর্শনীতে দেশের তরুণ শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি এবং ডিপ-টেক খাতের অভিনব সব প্রজেক্ট ও প্রযুক্তি ৩২টি স্টলে প্রদর্শন করা হচ্ছে। আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি এই প্রদর্শনী তরুণ উদ্ভাবকদের মেধা বিকাশে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জেএস