চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত, ছেলে আটক

ছবি: ডেসটিনি প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত রিমন দাশ গুপ্ত (৪২) শনিবার সকালে তাঁর বাবা-মাকে নিয়ে বাইরে যান। দুপুর পৌনে ১২টার দিকে তারা বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফেরার কিছুক্ষণ পর হঠাৎ ধারালো ছুরি নিয়ে প্রথমে নিজের মা কল্পনা দাশ (৫৫)-এর ওপর হামলা চালান রিমন।
মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্ত (৬৫)-কেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করেন।
ঘটনাস্থলেই কল্পনা দাশের মৃত্যু হয়। পরে গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, "রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে আগেও কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
নিহত স্বপন দাশ গুপ্ত ও কল্পনা দাশ পূর্ব গুজরা এলাকার মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে ও পুত্রবধূ। স্থানীয়দের ভাষ্য, তারা শান্তিপ্রিয় ও সবার কাছে পরিচিত একটি পরিবার ছিলেন।
একমাত্র ছেলের হাতে বাবা-মায়ের নির্মম মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।
ইউ

চট্টগ্রাম ব্যুরো
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।







