যে দলই ক্ষমতায় আসুক না কেন, দুর্নীতি, দখলদারিত্ব ও জনগণের অধিকার হরণ করলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো, এমনকি তার চেয়েও খারাপ হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় যুবশক্তির ময়মনসিংহের আহ্বায়ক ফয়সাল ফারনিমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ও এনসিপির মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুল্লাহ, এনসিপির যুগ্ম সদস্যসচিব জাহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা আহ্বায়ক এটিএম মাহবুব আলম, সদস্যসচিব জসিম উদ্দিন, মহানগর সদস্যসচিব ইকরাম এলাহী খান এবং ধোবাউড়া উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমান প্রমুখ।

বক্তব্যের শুরুতে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে সারজিস আলম বলেন, “দেশের পরিবর্তন কেবল রাজনৈতিক দল পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়। পরিবর্তন আনতে হলে সবার আগে মানুষের চিন্তা-চেতনা, মূল্যবোধ ও সিদ্ধান্ত গ্রহণের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। দল বা প্রতীকের প্রতি অন্ধ আনুগত্য নয়, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “খাল খননের নামে এখন নতুন একটি মেগা প্রকল্প শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, এই প্রকল্প ঘিরে জমি, খালের মাটি ও বালু লুটপাট হচ্ছে। আওয়ামী লীগ যেমন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছিল, বিএনপি যদি সেই একই পথে হাঁটে, তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে। আজকের তরুণ প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে আপস করবে না।”

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে সারজিস আলম বলেন, “কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করুন। ক্ষমতা চিরস্থায়ী নয়। আওয়ামী লীগও একসময় ক্ষমতায় ছিল, আজ নেই। ভবিষ্যতে যে-ই ক্ষমতায় থাকুক না কেন, জনগণের স্বার্থবিরোধী কাজ করলে তাদেরও একই পরিণতি হবে।”

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “মূলধারার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সব তথ্য সত্য না-ও হতে পারে। প্রতিটি তথ্য যাচাই-বাছাই করে গ্রহণ করতে হবে। সত্যকে সত্য বলার সাহস হারিয়ে ফেললে কোনো গণঅভ্যুত্থানের অর্জনই টিকিয়ে রাখা সম্ভব হবে না।”

সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “সীমান্তে হত্যা ও নির্যাতন বন্ধ না হলে দেশের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত হবে না। সীমান্ত নিরাপদ থাকলে দেশের মানুষও নিরাপদ থাকবে। তাই সীমান্ত সুরক্ষার প্রশ্নে সবাইকে সোচ্চার হতে হবে।”

সভায় তিনি এনসিপির মনোনীত উপজেলা প্রার্থী সাইফুল্লাহর পরিচয় তুলে ধরে তাকে সমর্থনের আহ্বান জানান এবং একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

জেএস