ইংল্যান্ড অধিনায়ককে নিয়ে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল: নেটিজেনদের মাঝে তোলপাড়

ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের হারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে উদ্দেশ্য করে তার একটি ফেসবুক পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
হ্যারি কেনকে নিয়ে কী লিখেছেন পরী?
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হ্যারি কেনের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ এই অদ্ভুত ও কৌতুকপূর্ণ পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও নেটিজেনদের মাঝে নানামুখী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পোস্টটিতে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ রিঅ্যাকশন এবং দেড় হাজারেরও বেশি শেয়ার পড়েছে।
আর্জেন্টিনা জিতলে ফের বিয়ের ঘোষণা
তবে শুধু হ্যারি কেনকে নিয়ে পোস্ট দিয়েই ক্ষান্ত হননি এই অভিনেত্রী। এর আগে আরেকটি পোস্ট করে তিনি যেন রীতিমতো বোমা ফাটান। সেখানে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’ এই পোস্টটি আরও বেশি ভাইরাল হয়েছে। এতে পৌনে দুই লাখের বেশি রিঅ্যাকশন এবং প্রায় দেড় লাখের কাছাকাছি শেয়ার হয়েছে।
পরীমনি আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কি না, তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে জোর আলোচনা। অনেকেই বিষয়টিকে কেবল আর্জেন্টিনার জয়ের উদযাপন বা মজার ছলে করা পোস্ট হিসেবে দেখছেন, আবার অনেকের মতে এটি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের নতুন কোনো ইঙ্গিত।
বিশ্বকাপের উত্তেজনা যখন তুঙ্গে, তখন পরীমনির এই পোস্টগুলো ফুটবলের পাশাপাশি বিনোদন অঙ্গনের আলোচনার টেবিলে বাড়তি খোরাক জুগিয়েছে। তবে অভিনেত্রী নিজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করেননি।
জেএস

entertainment desk
© 2026 Daily Destiny. All rights reserved.








