দীর্ঘ ৬০ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন

ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম প্রতীক্ষিত এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। দীর্ঘ ৬০ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারো একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিধর স্পেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। ফাইনালের পথে দুই দলচলতি বিশ্বকাপের সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর পারফরম্যান্স উপহার দিয়েছে উভয় দলই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
অন্যদিকে, নিজেদের দুর্দান্ত ছন্দে থাকা স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে। বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা-স্পেন পরিসংখ্যানবিশ্বকাপের মঞ্চে এই দুই দলের দেখা হয়েছিল মাত্র একবারই। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা, যেখানে ২-১ গোলের জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর বিশ্বকাপের মূল আসরে আর কখনো দেখা হয়নি দল দুটির। দীর্ঘ ছয় দশক পর ইতিহাসের পাতায় নতুন করে নিজেদের নাম লেখানোর সুযোগ তাদের সামনে।
পুরানো পরিসংখ্যান বা বন্ধুত্বপূর্ণ ম্যাচের অতীত রেকর্ড ছাপিয়ে এই ফাইনালটি হতে যাচ্ছে আধুনিক ফুটবলের দুই কৌশলী দলের শ্রেষ্ঠত্বের লড়াই। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা যেখানে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব জয়ের স্বপ্নে বিভোর, সেখানে ২০১০ সালের পর আবারো শ্রেষ্ঠত্বের মুকুট পরতে প্রস্তুত স্পেন। ফুটবল প্রেমীদের চোখ এখন মেটলাইফ স্টেডিয়ামের সেই মাহেন্দ্রক্ষণের দিকে।
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.








