মাদক ও কিশোর গ্যাং এখন সামাজিক ব্যাধি: পরিবেশমন্ত্রী

ছবি: সংগৃহীত
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের বিস্তার বর্তমানে সারা দেশে একটি বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তিনি মনে করেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে এসব নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছেন। এই উদ্যোগ শিশু-কিশোরদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যার প্রভাব থেকেও দূরে থাকতে পারবে।
ব্যবসা-বাণিজ্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য অনুকূল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্র শক্তিশালী না হলে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর প্রচেষ্টার কোনো ঘাটতি নেই।
আবদুল আউয়াল মিন্টুর ভাষ্য, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ সৃষ্টির প্রধান চালিকাশক্তি হলো ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ। সম্পদের বণ্টন করা সম্ভব হলেও দারিদ্র্য ভাগ করে দূর করা যায় না। তাই টেকসই উন্নয়নের জন্য নতুন সম্পদ সৃষ্টি অপরিহার্য।
তিনি আরও বলেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সমন্বয় না থাকলে কোনো সমাজের উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলে কর্মসংস্থান বাড়বে এবং সামাজিক বৈষম্যও কমে আসবে। এজন্য উদ্যোক্তাদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফেনী প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.











