সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “গতরাতে রাজধানীর কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে যিনি নিহত হয়েছেন, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি একই ঘটনায় যে দুইজন আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “খুনি ও দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এ ধরনের হত্যাকাণ্ডে জনমনে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি হওয়াই স্বাভাবিক। ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন।”
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) রাতে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে যুবদলের এক কর্মী নিহত এবং আরও দুজন আহত হন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে।
জেএস

Destiny Desk
© 2026 Daily Destiny. All rights reserved.











