জরাজীর্ণ সংযোগ সেতু৩০ হাজার মানুষের চলাচল ঝুঁকিতে

ছাব: প্রতিনিধি
ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এবং সোনাপুর ১ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত ‘বিরিঞ্চি-সোনাপুর সংযোগ সেতু’ দীর্ঘদিন ধরে চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন এ পথে চলাচলকারী প্রায় ৩০ হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতা যুদ্ধের প্রায় তিন বছর আগে নির্মিত এই সেতুটি গত ৮-৯ বছর ধরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। সেতুর মাঝবরাবর বড় গর্তের সৃষ্টি হওয়ার পাশাপাশি পিলারের বিভিন্ন অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। এছাড়া নিচের কাঠামোয় ফাটল দেখা দিয়েছে এবং একাধিক স্থানে কংক্রিট খসে পড়ে ভেতরের লোহার রড বেরিয়ে এসেছে। যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সেতুর পার্শ্ববর্তী এলাকার এক অভিভাবক চরম উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, “সেতুর পাশেই পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। প্রতিদিন ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। সবসময় আতঙ্কে থাকতে হয়, কখন জানি কোনো শিশু গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হয়।”
কাজীরবাগ ইউনিয়নের একাংশ, ফেনী পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পাশাপাশি রুহিতিয়া, মধ্যম সোনাপুর, পশ্চিম সোনাপুর, পূর্ব সোনাপুর, শ্রীপুর ও অশ্বদিয়া এলাকার হাজারো মানুষ নিয়মিত যাতায়াতের জন্য এই সেতুটি ব্যবহার করে থাকেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুটির সংস্কার বা পুনর্নির্মাণে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি।
অপ্রীতিকর বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সেতুটি দ্রুত সংস্কার অথবা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা।
জেএস

মো. ফখরুল ইসলাম, ফেনী প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.










