​জুলাই বিপ্লবের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে লালমনিরহাটে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল দশটায় জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ, প্রশাসক এ কে এম মমিনুল হকের নেতৃত্বে জেলা পরিষদ পুষ্পস্তবক অর্পণ করেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান শহিদদের আত্মত্যাগকে জাতীয় ইতিহাসের অনন্য দলিল হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, “জুলাই বিপ্লবের শহিদদের এই আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের পথকে আরও সুগম করেছে। তাদের এই মহান অবদান পুরো জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

পর্যায়ক্রমে সিভিল সার্জনের কার্যালয়, লালমনিরহাট পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, মৎস্য অধিদপ্তর, বিআরডিবি, এলজিইডি, সমাজসেবা কার্যালয়, আনসার ও ভিডিপি, জেলা শিক্ষা অফিস, পানি উন্নয়ন বোর্ড, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা তথ্য অফিস, পরিবেশ অধিদপ্তর, বিএডিসি (সেচ) সহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

​পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া। জুলাই যোদ্ধাদের মধ্যে স্মৃতিচারণ করেন আলম বাদশা, মাহমুদুল হাসান রতন, বিপ্লব হোসেন, ওয়ারিয়র্স অব জুলাই-এর সদস্য-সচিব মোঃ মোশাররফ হোসেন ও আহ্বায়ক রাসেল মাহমুদ।

শহিদদের পরিবারের পক্ষ থেকে তাদের বীরত্বগাথা ও অনুভূতি ব্যক্ত করেন শহিদ মেরাজুল ইসলামের ছোটভাই মোঃ মেজবাহউল ইসলাম, শহিদ রাজিব উল করিম সরকারের মাতা মোছাঃ জান্নাতুল ফেরদৌস এবং শহিদ শাহরিয়ার আল আফরোজ শ্রাবণের মাতা মোছাঃ আফরোজা খানম।

​সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ সাইখুল আরেফিন, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মোঃ রাশেদুন্নবী, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল হাকিম, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউ