সাভারে অপহৃত কেয়ারটেকার উদ্ধার, পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ

ছবি: প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় চাঁদা দাবি ও অপহরণের ঘটনায় অভিযান চালাতে গেলে পুলিশের ওপর গুলিবর্ষণ করে পালিয়ে গেছে একদল সন্ত্রাসী। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পুলিশ জিম্মি থাকা কেয়ারটেকারকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আশুলিয়ার চিহ্নিত সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীরা চৌধুরী প্লাজার ৫ম তলায় প্রবেশ করে। সেখানে তারা ওই ভবনের কেয়ারটেকার লিমাকে জিম্মি করে এবং বাড়িমালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
এদিকে কেয়ারটেকার লিমার কোনো খোঁজ না পেয়ে বাড়ির মালিক দ্রুত বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা জিম্মি কেয়ারটেকারকে রেখেই পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলির এই সুযোগে সন্ত্রাসীরা জিম্মি কেয়ারটেকার লিমাকে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কেয়ারটেকারকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, “এক ব্যক্তিকে সন্ত্রাসীরা জিম্মি করে রাখার খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ৭ থেকে ৮ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।”
তিনি আরও জানান, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে পালিয়ে যাওয়া সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেএস

মোঃ শফিকুল ইসলাম সোহেল, সাভার (ঢাকা) প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










