আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি
আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করে ধনী-গরিব নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের জন্য সমান স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের যমুনা নদীতীরে অবস্থিত ‘জামিরতা ভিশন সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজের দীর্ঘ পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “আমি গত ৩০ বছর ধরে চক্ষু সেবার সঙ্গে যুক্ত আছি। একসময় আমরা গ্রামে গ্রামে গিয়ে চক্ষু ক্যাম্প পরিচালনা করতাম এবং বিনামূল্যে ছানি অপারেশন করা হতো। কিন্তু আজকের বাংলাদেশ বদলে গেছে। এখন আমি শুধু চক্ষু ক্যাম্প দেখি না, দারিদ্র্যও দেখি না; আমি দেখি সম্ভাবনার এক নতুন বাংলাদেশ। যেখানকার মানুষ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমান চিকিৎসাসেবা পাওয়ার যোগ্য।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সুশাসনের প্রসঙ্গে ড. মুহিত বলেন, “পুরোনো বন্দোবস্তে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আমরা চাই জনপ্রতিনিধিরা ক্ষমতার জন্য নয়, দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হবেন। নির্দিষ্ট সময় দায়িত্ব পালন শেষে জনগণ দেখবে, তাদের ব্যাংক ব্যালেন্স অস্বাভাবিকভাবে বাড়েনি; বরং তারা জনগণের কল্যাণে প্রকৃত কাজ করেছেন।”
তরুণ প্রজন্ম ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “যারা পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চায়, তারা এখনো সক্রিয়। দেশের ভেতর ও বাইরে থেকে তারা বিভিন্ন ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এমন একটি মধ্যপন্থী বাংলাদেশ চাই, যেখানে সবাই মিলেমিশে বসবাস করবে এবং কোনো ধরনের উগ্রপন্থাকে স্থান দেওয়া হবে না।”
নারী অধিকার ও সমতা প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “আমরা নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে চাই। কেউ যেন নারীদের ঘরে বন্দি করে রাখার চিন্তা না করতে পারে। যোগ্যতার ভিত্তিতে সবাই সামনে এগিয়ে যাবে। এই দেশে কেউ নবাবি বা জমিদারি কায়দায় শাসন করতে পারবে না; বাংলাদেশ সবার, আর সবাই সমান অধিকার নিয়ে এগিয়ে যাবে।”
প্রফেসর এম এ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে বক্তারা জানান, জামিরতা ভিশন সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ রোগীরাও উন্নত প্রযুক্তির সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারবেন। টেলিমেডিসিন ও আধুনিক চক্ষু চিকিৎসা প্রযুক্তির সুবিধা যুক্ত হওয়ায় এটি গ্রামীণ স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের সূচনা করবে।
জেএস











