পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত
পাবনার আতাইকুলা এলাকায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সড়াডাঙ্গী এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অ্যাম্বুলেন্সচালক পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার রাজ শেখ (২৮) এবং অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের বুলু খাতুন (৫৭)। বুলু খাতুন রাজশাহী থেকে নিয়ে আসা একটি শিশুর লাশের স্বজন ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি শিশুর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি সাঁথিয়া উপজেলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে আতাইকুলার সড়াডাঙ্গী আলিম মডেল মাদরাসার সামনে পৌঁছালে ঢাকাগামী ‘পাবনা এক্সপ্রেস’ বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী প্রাণ হারান।
খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় আহত আরও ৫ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শোকের দিনে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেএস

পাবনা প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










