সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকাসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য ২০২৭ সালের দুই প্যাকেজ ঘোষণা

ছবি: সংগৃহীত
সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজের পাশাপাশি অপেক্ষাকৃত কম খরচের একটি সাশ্রয়ী প্যাকেজও রাখা হয়েছে, যাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ পান।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ দুই প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর প্যাকেজ দুটি চূড়ান্ত করা হয়েছে।
ঘোষিত হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজে হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। পাশাপাশি মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’-এর আওতায় খাবারসহ প্রয়োজনীয় সেবা দেওয়া হবে। এ প্যাকেজে সৌদি আরবে অবস্থানের সম্ভাব্য সময় ৩৫ থেকে ৪০ দিন।
অন্যদিকে হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কার আবাসন হারাম শরিফ থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে হবে। মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা রাখা হয়েছে। মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’-এর আওতায় খাবার ও অন্যান্য সেবা প্রদান করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধাও থাকবে।
ধর্মমন্ত্রী জানান, উভয় প্যাকেজেই অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড এবং স্বল্প মেয়াদের (শর্ট) হজ প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারি ব্যবস্থাপনায় ঘোষিত এই দুই প্যাকেজ হজযাত্রীদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।
ইউ

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











