নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশি ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে।
সোমবার (২০ জুলাই) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজমিস্ত্রি রবিউল সিকদার (৩৫) পলাতক রয়েছে। রবিউল ওই গ্রামের আতিয়ার সিকদারের ছেলে।
নিহত জান্নাতুলের চাচা মুজিবুর রহমান জানান, সোমবার বিকেলে জান্নাতুলের বাবা মফিজুর রহমান স্থানীয় হাট থেকে মিষ্টি নিয়ে বাড়ি ফেরেন। জান্নাতুল মিষ্টি খেতে খেতে বাড়ির পাশের রাস্তায় ঘোরাফেরা করছিল। এ সময় প্রতিবেশি ফুফাতো ভাই রবিউল সিকদার তাকে ডেকে নিজ ঘরে নিয়ে যায়।
ঘণ্টাখানেক পার হলেও জান্নাতুল ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রবিউলের ঘরের মেঝে থেকে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। জানা গেছে, বিবাহিত হলেও রবিউলের স্ত্রী-সন্তান দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতেন না, ফলে সে একাই ঘরে অবস্থান করত।
এ ঘটনার পর এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমাখালী গ্রামের এনামুল সরদারসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ বলেন, “এই নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্ত রবিউলসহ ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার জানান, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, “প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে।”
ইউ

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।








