দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ফেনী নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আদর্শ বন্ধু ফোরাম’। ‘নদী-নালা, খাল-বিলে মাছ থাকুক অনাবিল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে

সোমবার (২০ জুলাই) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে ফেনী নদীতে বিভিন্ন দেশীয় প্রজাতির প্রায় ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা-সভাপতি ও সিআইপি ফখরুল ইসলাম খান।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল ইসলাম খান বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। কোনো নিরীহ মানুষ যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, নদী, খাল-বিল ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক সচেতনতা বাড়াতে হবে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিত মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ দূষণ, নদী দখল, অবৈধ জাল ব্যবহার এবং বিভিন্ন মানবসৃষ্ট কারণে দেশীয় মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। তাই নদী ও জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে।

এ সময় আদর্শ বন্ধু ফোরামের উপদেষ্টা জিয়া উদ্দিন বাবলু, জিয়াউর রহমান, মোহাম্মদ নোমান ও নুর ইসলাম রিংকু, সংগঠনের সভাপতি দিল মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোর্শেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সল ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক সিয়াম, সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ স্বেচ্ছাসেবক এবং পরিবেশসচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কর্মসূচির শেষে ফেনী নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান আয়োজক ও অংশগ্রহণকারীরা।

ইউ