গাইবান্ধায় স্কুলভিত্তিক দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম।

সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, এসকেএস ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশন) খন্দকার জাহিদ সারোয়ার, মুসলিম এইড বাংলাদেশ ফিল্ড অফিসের কো-অর্ডিনেটর প্রসেনজিৎ রায় এবং এসকেএস ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার আফরুজা বুলবুল বক্তব্য রাখেন। এছাড়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধি এবং উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, চণ্ডীপুর, কাপাসিয়া, তারাপুর ও হরিপুর ইউনিয়নে "School Led Community Resilience to Disaster and Climate Risks (SLCRDCR-III)" শীর্ষক তিন বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে এসকেএস ফাউন্ডেশন। প্রকল্পটির অর্থায়ন করছে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস। এ প্রকল্পের মাধ্যমে সরাসরি ১৮ হাজার ৫৩১ জন এবং পরোক্ষভাবে ৬৭ হাজার ৩০০ জন উপকৃত হবেন।

সভায় আরও জানানো হয়, প্রকল্পটির মূল লক্ষ্য হলো বিদ্যালয় ও স্থানীয় জনগোষ্ঠীকে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষম করে তোলা, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগকালেও শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা। এ লক্ষ্যে ১৭টি বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার ও পুনর্নির্মাণ, রক্ষণাবেক্ষণ, বন্যা-সহনশীল গভীর নলকূপ স্থাপন, পানি সংরক্ষণ ব্যবস্থা, সৌরবিদ্যুৎ, বজ্রনিরোধক ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম এবং ছেলে, মেয়ে ও প্রতিবন্ধীবান্ধব পৃথক ওয়াশ (WASH) সুবিধা স্থাপন করা হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়গুলোকে দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশনস ও সমন্বয়কারী মো. আশরাফুল আলম।

ইউ