ঈশ্বরদী প্রেসক্লাবে মতবিনিময় সভাএলাকার উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা চান: এমপি আবু তালেব মণ্ডল

ছবি: ডেসটিনি প্রতিনিধি
ঈশ্বরদীর সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব। আমি চাই, সাংবাদিকরা জনগণের কথা নির্ভয়ে তুলে ধরবেন, আর যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব"—বলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা ঈশ্বরদীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা সহ জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন এবং দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
"ঈশ্বরদীকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় আন্তরিক এবং সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে আমি ইতিবাচকভাবে গ্রহণ করি।"
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস এম রাজা ও আজিজুর রহমান খান, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ও সেলিম সরদার, সহসাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু ও শেখ ওয়াহেদ আলী সিন্টু, কোষাধ্যক্ষ শহিদুল্লাহ খান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামানিক, নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সবশেষে, ঈশ্বরদীর সামগ্রিক উন্নয়ন, জনস্বার্থ এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে সাংবাদিক ও অতিথিদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
ইউ








