সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগতালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

ছবি: ডেসটিনি প্রতিনিধি
সাতক্ষীরার তালা বাজারে সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা, হত্যার হুমকি এবং বহিরাগত সন্ত্রাসী চক্রের তৎপরতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তালা বাজার বণিক সমিতি।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তালা ডাকবাংলো হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মামুন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, গত ২০ জুন শাহাপুর গ্রামের বাসিন্দা মো. সাগর তার সিডিআই মোটরসাইকেলটি মেরামতের জন্য মেলা বাজার পাম্পসংলগ্ন ফাহিমের গ্যারেজে জমা দেন। দীর্ঘদিন বিভিন্ন যন্ত্রাংশ আনার কথা বলে সময়ক্ষেপণের পর একপর্যায়ে ফাহিম দাবি করেন, মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। তবে অনুসন্ধানে জানা যায়, ফাহিম নিজেই মোটরসাইকেলটি চুরি করে ভাঙারি ব্যবসায়ী আব্দুল মাজেদের কাছে কেজি দরে বিক্রি করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বণিক সমিতি একাধিকবার সালিশের উদ্যোগ নিলেও ফাহিম উপস্থিত হননি বলে দাবি করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১৯ জুলাই বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন এবং কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন অভিযোগকারী সাগরকে সঙ্গে নিয়ে ফাহিমের গ্যারেজে যান। সেখানে ফাহিমের বাবা ও খলিলনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল জলিল উপস্থিত থেকে বিষয়টির নিষ্পত্তির দায়িত্ব বণিক সমিতির ওপর ছেড়ে দেন বলে দাবি করা হয়।
বক্তারা অভিযোগ করেন, একপর্যায়ে সভাপতি ও কার্যনির্বাহী সদস্য সাময়িকভাবে ঘটনাস্থল ত্যাগ করলে কয়েকজন বহিরাগত যুবক সেখানে এসে হামলার চেষ্টা চালায়। তাদের মধ্যে একজন অস্ত্র প্রদর্শন করে নিজেকে "খুলনার গ্রেনেড বাবু" পরিচয় দিয়ে কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনকে হত্যার হুমকি দেয়। এ সময় ফাহিম একটি ভারী সাইলেন্সার রেঞ্চ দিয়ে আঘাত করতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা মামুন হাওলাদার আহত হন বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা একটি মোটরসাইকেল ফেলে অন্য মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পালানোর সময় তারা গুলি করে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করেন বণিক সমিতির নেতারা।
তাদের দাবি, পুলিশি তদন্ত ও স্থানীয় জনতার সহযোগিতায় ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া তদন্তে হামলাকারীদের একজন কথিত "গ্রেনেড বাবু"র সহযোগী "কালা তুহিন" বলে জানতে পেরেছেন বলে দাবি করেন তারা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪০টিরও বেশি মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলেও অভিযোগ করা হয়। একই সঙ্গে ইউপি সদস্য মো. আব্দুল জলিলের আশ্রয়ে থেকে তিনি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলেও অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— ফাহিমকে রিমান্ডে নিয়ে ঘটনার মূল রহস্য উদঘাটন, ইউপি সদস্য মো. আব্দুল জলিলকে অবিলম্বে গ্রেপ্তার এবং কালা তুহিন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে তালা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
বণিক সমিতির নেতারা অভিযোগ করেন, সম্প্রতি তালা বাজার ও আশপাশের এলাকায় বহিরাগত সন্ত্রাসী চক্রের সদস্যদের তৎপরতা বেড়েছে। এসব কর্মকাণ্ড দমনে প্রশাসনের কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তালা বাজার বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম. ইয়াছিন উল্লাহ, নেতা ফারুক হোসেন, মেহেদী হাসান, আলমগীর হোসেন, হারুনসহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইউ

সাতক্ষীরা প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।








