স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না: ইসি সচিব

ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা ও ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন অযোগ্যতা
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনী আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে কমিশন। ইসি সচিব জানান, এমপিওভুক্ত শিক্ষকদের পাশাপাশি আরও কিছু ক্ষেত্রে নতুন অযোগ্যতা নির্ধারণ করা হয়েছে:
ঋণখেলাপি ও জামিনদার: ঋণখেলাপি এবং ঋণের জামিনদার ব্যক্তিরা স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
বকেয়া ইউটিলিটি বিল: যাদের বিদ্যুৎ, গ্যাস বা পানি ইত্যাদি ইউটিলিটি বিল বকেয়া রয়েছে, তারাও নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন।
ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এবং জেলা পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন সংশোধনের এই প্রস্তাবগুলো শিগগিরই অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ভোটার তালিকা ও বয়সসীমা নিয়ে পর্যালোচনা
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকা প্রসঙ্গে আখতার আহমেদ জানান, বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হলেও তারা ১৮ বছর পূর্ণ হওয়ার আগে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন না। ১৮ বছর বয়স পূর্ণ হলেই তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হয় এবং এর আগ পর্যন্ত তথ্যগুলো 'ডরম্যান্ট' বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে।
তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমানো যায় কি না, তা নিয়ে কমিশন কাজ করছে জানিয়ে তিনি বলেন, এসএসসি, অষ্টম শ্রেণি কিংবা একদম প্রাথমিক স্তর—কোন পর্যায় থেকে এই তথ্য সংগ্রহ শুরু করা উচিত, সে বিষয়ে তুলনামূলক বিশ্লেষণ করে খুব শীঘ্রই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











