চেক জালিয়াতি মামলায় হরিদাস চন্দ্রের কারাদণ্ড কার্যকরের নির্দেশ

ছবি: সংগৃহীত
চেক জালিয়াতি সংক্রান্ত এক মামলায় গাইবান্ধার পলাশবাড়ীর হরিদাস চন্দ্রের বিরুদ্ধে দেওয়া এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় কার্যকরের নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের অর্থঋণ আদালত-৪-এ হাজির করা হয়। শুনানি শেষে তার বিরুদ্ধে পূর্বে ঘোষিত সাজার রায় কার্যকরের নির্দেশ দেন বিচারক ফারহানা আরজু। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার আজিজ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার পটভূমি ও রায়
আদালত সূত্রে জানা যায়, হরিদাস চন্দ্র ময়মনসিংহের সদর থানায় দায়ের হওয়া একটি চেক জালিয়াতি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় এতদিন এই রায় কার্যকর করা সম্ভব হয়নি।
যেভাবে গ্রেপ্তার হন
পুলিশ ও সিআইডি সূত্রে জানা যায়, গত ১২ জুলাই রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে গ্রেপ্তার হন হরিদাস চন্দ্র। পরবর্তীতে চেক জালিয়াতির মামলায় তাকে ময়মনসিংহে আদালতে হাজির করা হলে আদালত তার সাজা পরোয়ানা বাস্তবায়নের এই নির্দেশ দেন।
জেএস












