সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের মহান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন ছবি: ডেসটিনি প্রতিনিধি
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
রোববার(২৬ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের মহান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বীর শহীদদের সম্মানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
স্মৃতিসৌধের কর্মসূচি শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পরবর্তী কর্মসূচি হিসেবে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান । শ্রদ্ধা নিবেদন সূচি সম্পন্ন করে তিনি রাষ্ট্রপ্রধানের নিয়মিত দাপ্তরিক কাজ সম্পাদনের উদ্দেশ্যে বঙ্গভবনে গমন করেন।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পর সাংবিধানিক নিয়মানুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গত শুক্রবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।
ইউ

মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











