বিএসটিআইয়ের অভিযানএসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত
মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না নিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ সাতটি প্রতিষ্ঠানকে মোট ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ, রাজধানীর বসিলা এবং হাজারীবাগ এলাকায় পৃথক তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হলো
এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড (রূপগঞ্জ): বিএসটিআইয়ের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড (রূপগঞ্জ): একই অপরাধে পোল্ট্রি ও ফিশ ফিড প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটিকেও মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
জিউজো ইন্ডাস্ট্রি লিমিটেড (রূপগঞ্জ, তারাবো): মান সনদ ও নিবন্ধন ছাড়া লেড অ্যাসিড স্টার্টার ব্যাটারি উৎপাদন ও বিতরণের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ এবং স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ (বসিলা, ঢাকা): বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের নামের সঙ্গে সাদৃশ্য রেখে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে এই দুটি প্রতিষ্ঠানকে যৌথভাবে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মিঠাই (হাজারীবাগ, ঢাকা): বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মিষ্টি, বিস্কুট ও লাচ্ছা সেমাই বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অপূর্ব আনন্দ জল খাবার (হাজারীবাগ, ঢাকা): মান সনদ ছাড়া মিষ্টি ও দই উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় যারা ছিলেন
অভিযানগুলোতে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এর মধ্যে নারায়ণগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার, বসিলার অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এবং হাজারীবাগের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম এবং ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন, বোরহান উদ্দিন, সুমাইয়া আফরোজ লিজাসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











