সাবেক রাষ্ট্রপতি হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে এসব অভিযোগ দাখিল করে।
এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগগুলো এখনো তিনি পর্যালোচনা করেননি।
তিনি বলেন, “একটি অভিযোগ দিয়েছে আজাদ পার্টি, আরেকটি দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম। অভিযোগ আমাদের কাছে এলে সাধারণত তা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এ ক্ষেত্রেও অভিযোগ আমার কাছে উপস্থাপিত হলে তদন্তের জন্য সংশ্লিষ্ট সংস্থায় পাঠিয়ে দেওয়া হবে। এর বাইরে এ মুহূর্তে আমার আর কিছু বলার নেই।”
রাষ্ট্রসংলাপ ফোরামের দাবি, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে অভিযোগ দাখিল করা হয়েছে।
একই সঙ্গে সংগঠনটি দাবি করেছে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে বা সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি এবং সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইনানুগভাবে তদন্ত করা হোক।
যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, আনিস আলমগীর, সোমা ইসলাম, মারিয়া কিসপট্টা, পিয়া জান্নাতুল, শান্তা ফারজানাসহ আরও কয়েকজন।

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।









